নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলায় মানসিক ভারসাম্যহীন যুবক ইকবাল হোসেন হাওলাদার (৪৫) হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মো. বাদল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। এরআগে সোমবার (১৩ এপ্রিল) উপজেলার কুলকাঠি ইউনিয়নের তৌউকাঠি বাজার সংলগ্ন একটি বিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাদল হোসেন নাচনমহল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়নের দফাদার আব্দুল মজিদের ছেলে।
পুলিশ জানায়- রোববার (১২ এপ্রিল) রাতে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের খাগড়াখানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় ইকবাল হোসেন হাওলাদার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাদল হোসেনকে প্রধান আসামি করা হয়। সোমবার সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি হিসেবে বাদল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।





